নেত্রকোণার বারহাট্টায় ছেলের হাতে বৃদ্ধ বাবা ফৌজদার মিয়া (৬৫) নিহত হয়েছেন। রবিবার দুপুরে বাগমারা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটকে পুলিশে সোপর্দ করে। তবে পরিবারের দাবি সায়েম মিয়া মানসিক ভারসাম্যহীন।
ফৌজদার মিয়া উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা।
পরিবারের বরাত দিয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে সে তার ছোট ভাই রাজনকে খুঁজেছিল। তাকে খুঁজে না পেয়ে বাবাকে খুঁজে দিতে বলে সায়েম। তবে তার কথায় সাড়া না দেওয়ায় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে কাঠ দিয়ে বাবার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবা ফৌজদার মিয়া মারা যান।
তিনি আরও বলেন, ঘটনার পর এলাকার লোকজন সায়েমকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
