স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে মাঠে তদন্ত দল খাবার পরিবেশককে শোকজ

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:৪৫ এএম

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা স্বাস্থ্যমন্ত্রীর নজরে এনেছেন আইনমন্ত্রী আনিসুল হক। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে তিন সদস্যের তদন্ত দল গত রবিবার বিকেল থেকে তদন্ত শুরু করে। এদিকে নিম্নমানের খাবার পরিবেশন, পরিমাণ কম দেওয়া এবং বিলম্বে খাবার দেওয়ার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান অন্তরা এন্টারপ্রাইজকে শোকজ করা হয়েছে। এ নিয়ে রবিবার দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, অব্যবস্থাপনায় ক্ষুব্ধ আইনমন্ত্রীর নির্দেশে গত শনিবার দিনব্যাপী হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল। সেদিন বিকেল ৩টা পর্যন্ত রোগীদের খাবার দেওয়া হয়নি। এ সময় মেয়র রান্নাঘরে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশ এবং নিম্নমানের খাবার পরিবেশনের বিষয়টি দেখতে পান। তার নেতৃত্বে হাসপাতালের প্রবেশপথে জমিয়ে রাখা কয়েক টন আবর্জনা সরানো হয়। পরে আইনমন্ত্রী আনিসুল হককে ভিডিওকলে হাসপাতালের অব্যবস্থাপনা দেখান মেয়র। আবর্জনার স্তূপ দেখে মন্ত্রী প্রশ্ন করেন, এখানে মানুষের চিকিৎসা হয়, নাকি ময়লার? পুরো বিষয় মেয়র তার ফেসবুকে লাইভ করেন। ভাইরাল ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার লুৎফুর রহমান বলেন, স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে সিভিল সার্জন বেলায়েত হোসেন ওইদিন রাত ২টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করে সব বিষয় পর্যবেক্ষণ করেন। তার নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সিভিল সার্জন অফিসের একজন মেডিকেল অফিসারকে দিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। তারা ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের প্রবেশপথে জমিয়ে রাখা আবর্জনা এবং অব্যবহৃত সামগ্রী কেন এত দিন সরানো হলো না এবং খাবারের নিম্নমান নিয়ে খোঁজ নিয়েছে তদন্ত কমিটি। অব্যবহৃত সামগ্রীর তালিকা তৈরি করে তার মূল্য নির্ধারণের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে মালামালগুলোর টেন্ডার দেওয়ার প্রক্রিয়া চলছে।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া জানান, কেন ওইদিন বিকেল ৩টা পর্যন্ত রোগীদের খাবার দেওয়া হয়নি এবং নিম্নমানের ও কম খাবার পরিবেশন করা হয়েছে, সেটি জানতে রোগীদের ডায়েটের ঠিকাদার অন্তরা এন্টারপ্রাইজকে শোকজ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত