সিলেটে ২৯৪, নেত্রকোনায় ২১৫, ফেনীতে ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১১:৪৭ এএম

গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে আজ সকাল ৯টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ২৯৪ মিলিমিটার।

এ ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাতের মধ্যে নেত্রকোনায় ২১৫, ফেনীতে ২০৮, খাগড়াছড়িতে ১৯৯, বান্দরবানে ১১৫, নীলফামারীর সৈয়দপুরে ১১২, নোয়াখালীর মাইজদীকোর্টে ১০৯, চট্টগ্রামে ১০৭, রাঙ্গামাটিতে ১০৫, রংপুরে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী ২৪ ঘণ্টা দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে আগামী পাঁচ দিন পর বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। 

আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত