টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আওয়াজ উঠেছিল- সাকিব আল হাসান আর এই ফরম্যাটে চলে না। খোদ বীরেন্দ্র শেবাগ এই ঘোষণা দিয়েছিলেন। বিশ্বকাপে বিবর্ণ সাকিব এবং মাহমুদউল্লাহর অবসরের দাবি উঠেছে দেশের ক্রিকেটাঙ্গনেও। কিন্তু সাকিব এখনও তার ক্যারিয়ার নিয়ে পরিস্কার করে কিছু বলেননি।
মেজর ক্রিকেট লিগে খেলতে মঙ্গলবার সন্ধ্যায় সাকিব যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেন। এরপর তিনি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগেও খেলবেন। বাংলাদেশের এই খ্যাতিমান অল-রাউন্ডার জানালেন, এই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে তিনি নিজের অবস্থাটা যাচাই করে নেবেন। এরপর ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাকিব উপস্থিত সাংবাদিকদের বলেন, “নিজের ক্যারিয়ার নিয়ে কোনো প্ল্যান নেই। এখন আপাতত প্ল্যান হচ্ছে, সামনে দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে। মেজর লিগ আর গ্লোবাল টি-টোয়েন্টি। পরপর দুটি টুর্নামেন্ট খেলে দেখি নিজের কী অবস্থা। এরপর আন্তর্জাতিক সিরিজ আছে, পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ। তো, আপাতত প্ল্যান এটুকুই। খুব বেশি প্ল্যান করিনি।”
দেশ এবং দেশের ক্রিকেটাঙ্গনের বাইরে যেসব সমালোচনা চলছে, সেটা সাকিবের অজানা নয়। তিনি নিজেও বলেছেন, ক্যারিয়ার নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ নেই। আপাতত তার নজর পাকিস্তান সিরিজেই, “আসলে নিজের বোঝার দরকার আছে। আসলে এখন আর অমন সময় নেই যে তিন বছর চার বছর ধরে প্ল্যান করার। তিন মাস-ছয় মাসের প্ল্যান করাটাই ভালো। আপাতত পাকিস্তান সিরিজ পর্যন্ত প্ল্যান আছে।”
'অন্তত ৫০টা এরকম ক্যাচ নিয়েছে সূর্যকুমার'
মিলারের ক্যাচ নিতে দড়িতে পা লাগেনি- দাবি সূর্যকুমারের