‘ব্যক্তি’র অপকর্মের দায় পুলিশ নেবে না : আইজিপি

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০১:৩৪ এএম

কোনো ব্যক্তির অপকর্মের দায় পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক আইজিপি বেনজীর আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশ কখনো কোনো ব্যক্তির কর্মকা-ের দায় পুলিশ বাহিনীর দায় হিসেবে নেবে না। যেভাবে তদন্ত চলছে সেভাবেই তার নিষ্পত্তি হবে।’

শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠান, সংস্থা বা বাহিনী স্থবির থাকতে পারে না। অপরাধের বহুমাত্রিকতার কারণে অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনীও আধুনিক হচ্ছে। অত্যাধুনিক সরঞ্জামাদি বাহিনীতে যুক্ত করা হচ্ছে। পুলিশ তার পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করছে। অপরাধের খবর পুলিশের কাছে এলে পুলিশ ব্যবস্থা নেয়। কোনো বিষয়কে খাটো করে দেখে না।

বেলুন ও পায়রা উড়িয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশপ্রধান। পরে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন তিনি। রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভূঁইয়া, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহীর পুলিশ সুপার সাইফুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত