কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটিচাপায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো বালুখালী ১১ নম্বর ক্যাম্পের এফ-১ ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. আনোয়ার হোসেন (২১) এবং ৮ নম্বর ক্যাম্পের-৪১ ব্লকের মো. আলমের ছেলে সিফাত (১৩)।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন বলেন, মঙ্গলবার দিনভর থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত ছিল; মধ্যরাতে যা ভারী বর্ষণে রূপ নেয়। বুধবার ভোর ৪টার দিকে বালুখালী ১১ ও ৮ নম্বর ক্যাম্পে আকস্মিক পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে বসতঘর বিধ্বস্ত হয়ে মাটিচাপা পড়ে দুই রোহিঙ্গা মারা যান। মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তরের পর গতকাল বিকেলে তাদের দাফন করা হয়।
