অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনের ছাদে ফিলিস্তিনপন্থী ব্যানার টানিয়ে দিয়েছে দেশটির ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এ সময় পার্লামেন্ট ভবনের ছাদে উঠে বিক্ষোভ করেন কয়েকজন বিক্ষোভকারী।
স্থানীয় সময় বৃহস্পতিবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ার পার্লামেন্ট ভবনে কিছু বিক্ষোভকারী ব্যানার নিয়ে ছাদে উঠে পড়েন এবং সেগুলো ওপর থেকে ঝুলিয়ে দেন। খবর আল জাজিরা।
ব্যানারগুলোর একটিতে লেখা ছিল, ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন থাকবে মুক্ত।’এটি ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পরিচিত একটি স্লোগান।
প্রতিবেদনে বলা হয়, সে সময় ফিলিস্তিনের মুক্তি চেয়ে স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারীরা। তবে বিক্ষোভের এ ঘটনাকে পার্লামেন্টের নিরাপত্তার গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছেন আইনপ্রণেতারা।
পরবর্তীতে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ অফিসাররা ফিলিস্তিনপন্থী ব্যানারগুলো সরিয়ে ফেলে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভ হয়েছে বিভিন্ন জায়গায়। যার মধ্যে প্রধান শহরসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও ছিল।
এদিকে গত সোমবার ফিলিস্তিনি রাষ্ট্রের সমর্থনে সংসদীয় প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার পর লেবার পার্টি এক মুসলিম সিনেটর ফাতিমা পেম্যানকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করে। পেম্যান বলেছিলেন, প্রস্তাবকে সমর্থন করার পর তাকে বরখাস্ত করা হয়েছে।
এ নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের শ্রম সরকারের মধ্যে বিভাজন ঘটার পর বৃহস্পতিবার জাতীয় সংসদে এই বিক্ষোভের ঘটনা ঘটল।
অস্ট্রেলিয়া এখনো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি। যদিও গত মে মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক শান্তিপ্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগে অস্ট্রেলিয়া এ স্বীকৃতি দিতে পারে।
নির্বাচনের শেষ পর্যন্ত লড়াই এর প্রতিশ্রুতি বাইডেনের