ইরানের প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নেবেন ভোটাররা

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১১:০৫ পিএম

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এরই মধ্যে প্রার্থীদের সপ্তাহব্যাপী প্রচার শেষ হয়েছে। গেল ২৮ জুন দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।

এই নির্বাচন মূলত রক্ষণশীল বনাম সংস্কারপন্থীর তকমা পেয়েছে। দ্বিতীয় দফা ভোট গ্রহণের আগে গতকাল বুধবার দুই প্রার্থী সাইদ জালিলি ও মাসুদ পেজেশকিয়ান তেহরানে ব্যাপক প্রচার চালান।

ইরানের ৬ কোটি ১০ লাখ ভোটারের মধ্যে প্রথম দফা নির্বাচনে ভোট দেন দুই কোটি ৪৫ লাখ ইরানি। যা মোট ভোটারের মাত্র ৪০ শতাংশ। দেশটিতে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর প্রেসিডেন্ট নির্বাচনে এটাই সবচেয়ে কম ভোট পড়ার হার। এর মধ্যে সংস্কারপন্থি প্রার্থী পেজেশকিয়ান পান এক কোটি চার লাখ ভোট। অন্যদিকে সাবেক প্রধান পরমাণু আলোচক ও বিপ্লবের মূলনীতির অনুসারী সাঈদ জলিলি পান ৯৪ লাখ ভোট। প্রথম দফার ভোটে ৪২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন সংস্কারপন্থী প্রার্থী পেজেশকিয়ান।

বুধবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে সর্বশেষ প্রচার চালান সাইদ জালিলি। তার পক্ষে দেশটির সব রক্ষণশীল প্রার্থী সমর্থন দিয়েছেন। প্রচারের সময় জালিলির হাজারো সমর্থক ‘ইরানের সবাই বলছে জালিলি’ স্লোগান দেন। 

অন্যদিকে তেহরানের এক স্টেডিয়ামে পেজেশকিয়ান তার সর্বশেষ জনসভা করেন। তিনি ঐক্য ও সংহতির ডাক দেন। তার সমর্থকেরা দেশটির সাবেক প্রেসিডেন্ট খাতামির নামে স্লোগান দেন। সাবেক সংস্কারপন্থী মোহাম্মদ খাতামি এবারের নির্বাচনে পেজেশকিয়ানকে সমর্থন দিয়েছেন।

ইরানের দ্বিতীয় দফা ভোটের আগে ভোটারদের মধ্যে বিভক্তি দেখা গেছে। তবে দেশটির রক্ষণশীলেরা জালিলিকে সমর্থন দিচ্ছেন। মরিয়ম নাউরি নামের ৪০ বছর বয়সী এক নারী বলেন, দেশের নিরাপত্তার জন্য জালিলিই সবচেয়ে ভালো হবে। নাম প্রকাশ না করে ৩৯ বছর বয়সী আরেক নারী বলেন, জালিলি সৎ ব্যক্তি। তিনি রাইসির পথ অনুসরণ করবেন।

জালিলি মূলত কট্টর পশ্চিমাবিরোধী হিসেবে পরিচিত। তিনি ২০১৫ সালে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির বিরোধী ছিলেন। অন্যদিকে পেজেশকিয়ান ইসরায়েল ছাড়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাকে দেশটির মধ্যপন্থী নেতা হাসান রুহানিও সমর্থন দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত