ভিনিসিয়ুসকে ফাউলে পেনাল্টিবঞ্চিত ব্রাজিল

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৫:৫৬ এএম

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৭ মিনিটে হলুদ কার্ড দেখে কোয়ার্টার ফাইনাল মিস করছেন ভিনিসিয়ুস জুনিয়র। এটা নিয়ে আফসোস করছেন ব্রাজিলীয় ভক্তরা। কিন্তু সেই ম্যাচেই কলম্বিয়ার বক্সের ভেতর ভিনিসিয়ুসকে করা ফাউল যে রেফারির চোখ এড়িয়ে গেছে তার কী হবে।

দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, ওই ঘটনায় পেনাল্টি না দেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন রেফারি ও ভিএআর।

ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভি’স স্টেডিয়ামে ম্যাচের ৪২ মিনিটে নিজেদের বক্সে ভিনিসিয়ুসকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টি দাবি করে ম্যাচের সেই মুহূর্তে ১-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল। কিন্তু ভেনেজুয়েলান রেফারি হেসুস ভালেনজুয়েলা ফাউলের বাঁশি বাজাননি। মুনোজ বল স্পর্শ করেছিলেন, এটা ভেবে ভিএআর রেফারি আর্জেন্টিনার মাউরো ভিজলিয়ানো মাঠের রেফারির সিদ্ধান্ত কার্যকর রাখেন।

পরে কনমেবলের ভিডিও বার্তায় বলা হয়, ‘পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার (মুনোজ) বল স্পর্শ করেননি। এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। ভিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর ভিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল রায় দিয়েছে।’

ওই ঘটনার পরপরই কলম্বিয়া গোল দিয়ে খেলায় ফেরে। খেলা ১-১ গোলে ড্র হওয়ায় গ্রুপ রানার্সআপ হয় ব্রাজিল এবং কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ দাঁড়ায় শক্তিশালী উরুগুয়ে। ম্যাচটি জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত ব্রাজিল। তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জেতার ক্ষেত্রে ওই পেনাল্টি পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল।

ড্রয়ের পর রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র, ‘সেই (ভিনির ফাউল) মুহূর্তে ব্যবধান ২-০ হতে পারত। এরপরই আমরা গোল হজম করেছি। আমার মতে, এটাই পার্থক্য গড়ে দিয়েছে। স্টেডিয়ামে শুধু সে (রেফারি হেসুস ভালেনজুয়েলা) এবং ভিএআরের দলই টের পায়নি যে ওটা পেনাল্টি ছিল। এতে ব্রাজিলের ক্ষতি হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত