ভিনি না থাকায় যে কারণে জিততে পারে ব্রাজিল

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম

রেকর্ড পাঁচবার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। তবে গত দুই যুগ ধরে বিশ্বকাপের শিরোপা খরায় ভুগছে তারা। তার মধ্যে ঘরের মাঠে ২০১৪ সালে আয়োজন করেছিল গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত টুর্নামেন্টটি। আর সেই আসরেই সেমিফাইনালে এমন এক কাণ্ড করে বসেছিল, যা তাদের কলঙ্কের দাগ দাগিয়ে দেয়। জার্মানির কাছে ৭ গোল হজম করে এখন প্রতিনিয়ত ‘সেভেন আপ’-এর খোঁচা শুনতে হয় তাদের।

আগামীকাল শনিবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। বছরের সপ্তম মাস জুলাইয়ের ৭ তারিখ সকাল ৭টায় শুরু হবে খেলা। সঙ্গে নেই দলটির ৭ নম্বর জার্সিধারী ভিনিসিয়ুস জুনিয়র। তাতে যেন ফের ‘সেভেন আপ’ চক্রে পড়েছে সেলেসাওরা।

আর ভিনিসিয়ুসের না থাকাটাই হতে পারে শক্তিশালি উরুগুয়ের বিপক্ষে ছন্নছাড়া ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর সুযোগ। তার বদলে খেলতে পারেন তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। এখনও যিনি হলুদ জার্সিধারীদের শুরুর একাদশে নিয়মিত জায়গা করে নিতে পারেননি। ভিনির না থাকাটাকে কাজে লাগিয়ে নিতে পারেন তিনি।

রিয়াল মাদ্রিদের হয়ে ভিনি ক্যারিয়ার সমৃদ্ধ করে তুলছেন। মাঠে নেমে দ্যুতিও ছড়াচ্ছেন। পাচ্ছেন গোলের দেখাও। তবে জাতীয় দলের হয়ে এখনও সেভাবে আলো ছড়াতে দেখা যায়নি তাকে। ব্রাজিলের হয়ে ৩৩ ম্যাচ খেলে করেছেন ৫ গোল। ১৮ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়হীন ছিলেন ১৫ ম্যাচে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই ভিনিকে নিয়ে সমালোচনা করতেও ছাড়েন না সমর্থকরা। তাদের দাবি, জাতীয় দলে শুধু নাচানাচি করে ভিনি। কিন্তু গোল করতে পারে না। ভালোই হয়েছে সে না থাকায়। এনদ্রিকের সুযোগ নিজেকে প্রমাণ করার।

এই এনদ্রিককে তুলনা করা হয় রোনালদো নাজারিওর সঙ্গে। তার জার্সি নম্বরও ৯। এখন ৪ ম্যাচ খেলে করেছেন ৩ গোল। আর দুই গোল করলেই ছুঁয়ে ফেলবেন ভিনিকে। তাই কাল ভোরে এনদ্রিকের সামনে সুযোগ কাজে লাগানোর হাতছানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত