শৈলকুপায় দ্বন্দ্বের বলি ১০ হাজার কলাগাছ!

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২:৪৫ এএম

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় রাতের আঁধারে ২৫ কৃষকের ৩৫ বিঘা জমির প্রায় ১০ হাজার কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সঙ্গে রইচ উদ্দিন সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত উপজেলা নির্বাচনের পর তা আরও বাড়ে।

ক্ষতিগ্রস্ত কৃষক শাহীন আলম গতকাল বলেন, সকালে মাঠে এসে দেখি আমার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। দুই দিন আগেও জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই গাছে কাদি আসা শুরু করত। আমি সর্বশান্ত হয়ে গেছি।

আরেক কৃষক কামরুল ইসলাম বলেন, এত বড় ক্ষতি করেছে যা পুরণ হবে না। রইচ উদ্দীন আর মতিয়ারের লোকজন আমাদের এই ফসল নষ্ট করে দিয়েছে। এর উপযুক্ত শাস্তি দাবি করছি।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মণ বলেন, ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা সেখানে অফিসার পাঠিয়েছিলাম। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত