ব্রাজিলের দশমবার কোপা আমেরিকা জয়ের স্বপ্ন থেমে গেছে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে উরুগুয়ের কাছে হেরে। এ নিয়ে পরপর দুটি টুর্নামেন্টে (২০২২ বিশ্বকাপ ও ২০২৪ কোপা) টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল ব্রাজিল।
উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিল লক্ষ্যে শট রাখতে পারে মাত্র ৩টি। এবার কোপায় গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গোল পায়নি ব্রাজিল। কোস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে। দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে চার গোল করেছিল সেলেসাওরা। তৃতীয় ম্যাচেও ড্র করে কলম্বিয়ার বিপক্ষে (১-১)।
কোপার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর দুর্বলতার কথা স্বীকার করেছেন ব্রাজিলের অধিনায়ক দানিলো। এই রাইটব্যাক বলেন, ‘আমরা যেসব সুযোগ পেয়েছি, তার কোনোটাই কাজে লাগাতে পারিনি। এক বা দুটি ক্লিয়ার চান্সকে গোলে পরিণত করা যায়নি। তবে এটি বলাটা কঠিন, কারণ আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি, লড়েছি শেষ পর্যন্ত। এরপর পেনাল্টি হলো, যেখানে কোনো লটারি জিতিনি।’
২০২২ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বেও তাদের পারফরম্যান্স হতাশার। বাছাইয়ে ৬ ম্যাচ খেলে ৭ পয়েন্টে আছে ছয় নম্বরে।
তবে ব্রাজিলের এই তরুণ দলের ওপর ধৈর্য্য ধরে আস্থা রাখার আহবান জানিয়েছেন অধিনায়ক দানিলো। তিনি বলেন, 'এই তরুণরা কী করতে পারে সেটি দেখিয়েছে। আমি এখন ধৈর্য্য আশা করি, এটাও জানি ব্রাজিল দীর্ঘদিন কিছু জিততে পারেনি। কিন্তু এই দলটার ওপর আস্থা রাখতে হবে। আমি নিজের কথা বলছি না, কারণ আমি কতদিন খেলব নিজেও জানি না। এটাও জানি না যে (জাতীয় দলে) আর সুযোগ পাব কি না।'
ব্রাজিলের কোচ দরিভালও জানান, এই ছন্নছাড়া দলটিকে পুনর্গঠন করতে আরও সময় প্রয়োজন।
দানিলো আরও বলেন, 'এই দলের সঙ্গে খেলতে পারা আমার জন্য অনেক সম্মানের। ওরা কঠোর পরিশ্রম করে, খুবই পেশাদার এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। এখানে অনেক চাপ আছে, কিন্তু সেটি ধৈর্য্য নিয়ে মোকাবিলা করা প্রয়োজন।'
ব্রাজিলের পারফরম্যান্স এখন হাসির খোরাক
ব্রাজিল কোচের টার্গেট এখন পরবর্তী বিশ্বকাপ
রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন জন সিনা