স্পেনের বিখ্যাত লা লিগা ইয়ুথ টুর্নামেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের তৈরি মোবাইল অ্যাপ্লিকেশন ‘হ্যালো সুপারস্টারস’। গত ৬ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে লা লিগা ইয়ুথ টুর্নামেন্টের পক্ষে আঞ্চলিক ব্যবস্থাপনা পরিচালক ড্যানিয়েল ওয়াং এবং হ্যালো সুপারস্টারসের পক্ষে প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে লা লিগা ইয়ুথ টুর্নামেন্টটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ যথাক্রমে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইনে ফুটবল ট্যালেন্ট খুঁজে বের করার জন্য হ্যালো সুপারস্টারসের ই-ট্যালেন্ট হান্ট প্রযুক্তি ব্যবহার করবে।
উল্লেখ্য, হ্যালো সুপারস্টারসের ই-ট্যালেন্ট হান্ট ফুটবল প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশেও অনূর্ধ্ব ১৫ বছর বয়সী উদীয়মান ফুটবল ট্যালেন্টদের খুঁজে বের করার জন্য উদ্যোগ গৃহীত হয়েছে। এই ই-ট্যালেন্ট হান্ট ফুটবল প্রোগ্রামে অংশগ্রহণে ইচ্ছুক ফুটবলারদের হ্যালো সুপারস্টারসের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে।
হ্যালো সুপারস্টারস ই-ট্যালেন্ট হান্টের মাধ্যমে বাছাইকৃত সেরা ১২ জন ফুটবলারকে বিনা খরচে প্রশিক্ষণের জন্য পাঠাবে স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাবে। ই-ট্যালেন্ট হান্ট বাংলাদেশের কার্যক্রমে প্রধান বিচারক হিসেবে আছেন দেশের খ্যাতিমান সাবেক ফুটবলার আব্দুল গাফফার এবং বিচারক হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান এমিলিসহ খ্যাতিমান ফুটবলাররা।
এ বিষয়ে হ্যালো সুপারস্টারসের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান বলেন, বাংলাদেশের প্রযুক্তি বিশ্বদরবারে স্থান করে নিচ্ছে বিষয়টি গর্বের ও আশাব্যঞ্জক।
