২ মাসের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা, মা গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৭:৪১ পিএম

সাতক্ষীরা শহরের রইচপুরে দুই মাসের মেয়ে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) ভোরে সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুরাইয়া ইয়াসমিন রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকতেন।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম বলেন, গতকাল রবিবার সুরাইয়া ইয়াসমিন মুক্তা তার শিশুকন্যাকে পানিতে ডুবিয়ে হত্যা করেন। রাতে শিশু মমতাজের মরদেহ বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর সন্দেহজনক কথাবার্তা বলায় সুরাইয়া ইয়াসমিনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুরাইয়া ইয়াসমিন মেয়েকে পানিতে ‍ডুবিয়ে হত্যা করেছেন বলে স্বীকার করেন। তবে কী করণে তিনি এ কাজ করেছেন তা এখনও জানা যায়নি।

ওসি মহিদুল ইসলাম আরও বলেন, এ ঘটনায় নিহত শিশুর বাবা মুছা শেখ স্ত্রী সুরাইয়ার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত