শিবচরে মোটরসাইকেল চুরির অভিযোগ ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৮:২২ পিএম

মাদারীপুরের শিবচরে একটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তের বিরুদ্ধে মাদারীপুর জেলার গোয়েন্দা পুলিশ আদালতে চার্জশিট জমা দিয়েছেন।

অভিযুক্ত ছাত্রলীগের সভাপতির নাম সাদ্দাম মোল্যা। সে শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের অছিম বেপারীর কান্দি গ্রামের বাসিন্দা তিনি। বর্তমানে তার পরিবারের সদস্যদের নিয়ে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চৈতা মোল্লার কান্দি এলাকায় বসবাস করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত পহেলা এপ্রিল মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে শিবচর উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের শরীফকান্দি এলাকা থেকে ইয়ামাহা ব্রান্ডের কালো রঙ্গের একটি R15 চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকালে চোর চক্রের সদস্য সাইমুন হাওলাদার নামে একজনকে আটক করা হয়। ওই সময় সাইমুন হাওলাদার জানান মোটরসাইকেলটি সাদ্দাম মোল্লা ও মাসুম মুন্সী তার নিকট রেখেছে বিক্রয়ের জন্য। পরবর্তীতে সাইমুনের তথ্য অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার এসআই আবুল কাশেম বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এস এ এম ফরহাদ রাহী মীরের উপর দেওয়া হলে তিনি ঘটনা তদন্ত করে গত ২৯ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

এ বিষয়ে সাদ্দাম মোল্লা মোবাইল ফোনে বলেন, আদালতে চার্জশিট দেওয়া বিষয়টি আমি জানি না।

শিবচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ হোসেন মাদবর বলেন, সে যেই গাড়িটি বিক্রি করছে সে গাড়িটি (মোটরসাইকেল) আসলে চোরাই। গাড়িটি যার কাছে বিক্রি করছে তাকেও নাকি পুলিশ ধরছে এবং সে স্বীকারোক্তি দিয়েছে যে তার কাছ (সাদ্দাম মোল্লার) থেকে কিনেছে। পরবর্তীতে পুলিশ তাকে খুঁজতে গিয়েছিল কিন্তু তাকে পাওয়া যায়  নাই। আমরা যতটুকু জানি সে জড়িত।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক এস এ এম ফরহাদ রাহী মীর চার্জশিট দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত