বগুড়ায় বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী শাহ সুলতান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুর এলাকার মো. জামাল হোসেন (৪৫), কাভার্ড ভ্যানের চালক বরিশালের হিজলা উপজেলার টুং চর এলাকার মো. হৃদয় (৩০), আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাত নারী, মো. শামীম হোসেন (৪০)।
শাজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস শাজাহানপুরের বনানী এলাকায় শাহ সুলতান ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কার্ভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম ও চিকিৎসাধীন অবস্থায় জামাল হোসেন মারা যান।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সুত্রে জানা যায়, ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতাহত ব্যক্তিদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দেখে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন।
