বসুন্ধরা কিংসের নতুন কোচ রোমানিয়ার ভ্যালেরি তিতা

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৪:৫৪ পিএম

কিছুদিন আগেই স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে টানা পাঁচবারের লিগ সেরা বসুন্ধরা কিংস। এরপর থেকেই ফুটবল পাড়ায় গুঞ্জন কে হবেন কিংসের নতুন বস। শেষ পর্যন্ত জানা গেলো তার নাম। আগামী মৌসুমে বসুন্ধরা কিংসের ডাগআউট সামলানের রোমানিয়ার অভিজ্ঞ কোচ ভ্যালেরি তিতা।

৫৮ বছর বয়সী তিতা খেলোয়াড় জীবনে ছিলেন একজন মিডফিল্ডার। ২০০০ সালে পাকাপাকি খেলা ছাড়ার পর থেকেই শুরু করেন কোচিং ক্যারিয়ার। উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচ সিরিয়া জাতীয় দলের দুই প্রস্থের কোচ ছিলেন। তার অধীনে ২০২১-২০২২ সালে সিরিয়া ফিফা আরব কাপ ও ফিফা বিশ্বকাপ বাছাইয়ে অংশ নেয়। এর আগে তিনি ২০১০ সালে সিরিয়ার কোচ ছিলেন। সর্বশেষ তিতা ছিলেন সৌদি আরবের প্রথম বিভাগের দল আল-আইন এফসির কোচ।

সিরিয়া জাতীয় দলের দুবার কোচ ছিলেন তিতা

প্রায় দুই যুগের ফুটবল ক্যারিয়ারে ভ্যালেরি তিতা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশের ক্লাবকে কোচিং করিয়েছেন এবং সাফল্য এনে দিয়েছেন। তার ইরাক, লেবানন, জর্ডান, সিরিয়া, কুয়েতের বিভিন্ন ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে। এছাড়া নিজ দেশ রোমানিয়া ও মরক্কোয় কোচিং করিয়েছেন।

তার অধীনে ২০১০ সালে সিরিয়ার আল-ইত্তিহাদ এফসি আলেপ্পো এশিয়া কাপের শিরোপা জিতেছিল। সিরিয়ায় দীর্ঘ সময় ক্লাব কোচিংয়ের সুবাদে দুই প্রস্তে সে দেশের জাতীয় দলের দায়িত্ব পালন করেন। ২০১৫-১৬ মৌসুমে লেবাননের নেজমাহ এফসিকে ট্রেবল জেতান ভ্যালেরি তিতা। তার আগের মৌসুমে লেবাননের সাফা স্পোর্টিং ক্লাব লেবানিজ সুপার কাজ জয় করে এবং লিগে রানার্স-আপ হয়। 

৪-২-৩-১ ফরম্যাট এই কোচের প্রিয় কোচিং দর্শন। এই দর্শনে বসুন্ধরা কিংসের সাফল্যের ধারাবাহিকতা কতটা রাখতে পারনে তিতা সেটাই দেখার। প্রধান কোচের পাশাপাশি বসুন্ধরা কোচ সেট-পিস কোচ ও ট্রেইনারও নিয়োগ দিয়েছে। আগামী মৌসুমে রাকিব, মোরসালিনদের সেট-পিস কোচের দায়িত্বে দেখা যাবে রোমানিয়ার ডোরেল স্টোইচা ও ট্রেইনার হিসেবে স্প্যানিস সানচেজের স্থলাভিষিক্ত হবেন খলিল চাকরোন। ৪৬ বছরের স্টোইচার অভিজ্ঞতা আছে সৌদি আরবের আল ইত্তিহাদ এফসিতে কাজ করার। ফিটনেস কোচ খলিল সর্বশেষ কাজ করেছেন সৌদি আরবের আল-আইন এফসির হয়ে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত