কলম্বিয়াকে বদলে দিয়েছেন ম্যারাডোনার সতীর্থ

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম

ফেবারিটের তালিকায় তারা কখনই থাকে না, কিন্তু কোপা আমেরিকায় রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে কলম্বিয়া। দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে তারা নিশ্চিত করেছে উরুগুয়ের বিপক্ষে সেমিফাইনাল। আর এসবকিছুই হয়েছে আর্জেন্টাইন কোচ নেস্তর লরেনজো দায়িত্ব নেওয়ার পর। ১৯৯০ বিশ্বকাপে খেলা লরেন্সোই বদলে দিয়েছে কলম্বিয়ার ফুটবল। দলকে টানা ২৫ ম্যাচ রেখেছেন অপরাজিত!

ইতালিতে অনুষ্ঠিত ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সঙ্গে খেলেছিলেন লরেনজো, যিনি খেলোয়াড়ী জীবনে ছিলেন ডিফেন্ডার। সেই আসরের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনা রানার্স-আপ হয়। জাতীয় দলের হয়ে তার একটি গোলও আছে। খেলেছেন বোকা জুনিয়র্সের মতো ক্লাবে। ক্লাব ফুটবলেও তার গোলসংখ্যা ১২টি।

২০২২ সালের জুনে লরেনজোকে কোচ হিসেবে নিয়োগ দেয় কলম্বিয়া। এরপরই যেন ভোজবাজির মতো বদলে যেতে থাকে দলটির পারফর্মেন্স। ২০২২ সালের ফেব্রুয়ারির পর তারা আর পরাজয় শব্দটি শোনেনি। আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাইয়ে হারের পর টানা ২৭ ম্যাচ অপরাজিত কলম্বিয়া, যার মাঝে ২৫টিই লরেনজোর আমলে। এই অজেয় যাত্রার পথে গত নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারায় লরেনজোর দল।

এবারের কোপা আমেরিকাতেও ব্রাজিলের সঙ্গে ড্র করে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। তাদের এই সাফল্যের কারিগর লরেনজো। ফুটবলারদের মাঝে তিনি এমন মনোভাব জাগ্রত করেছেন, যাতে তারা আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে। কোপায় পানামাকে হারানোর পর লরেনজো তার দলের সাফল্যের মন্ত্র নিয়ে বলেছিলেন, “১১ জন ফুটবলারের সবাই নিজের সতীর্থের জন্য খেলে, বাকি ১০ জনের জন্য খেলে।”

আগামী বৃহস্পতিবার কোপার সেমিফাইনালে উরুগুয়ের মুখোমুখি হচ্ছে কলম্বিয়া। ওই ম্যাচের আগে নিজের দল নিয়ে তৃপ্ত লরেনজো, “পুরো দলের মাঝে এই মনোভাব আছে যা (খেলা শুরুর) প্রথম মিনিট থেকেই দৃশ্যমান। তাদের মনোভাব দুর্দান্ত এবং সতীর্থদের জন্য উজার করে দিচ্ছে। আমি মনে করি এভাবেই নেতৃত্ব সামলাতে হয় এবং কোচিং স্টাফ ঠিক এটিই চিন্তা করে। ঈশ্বরকে ধন্যবাদ, এদিক থেকে খুবই ভালো দল।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত