সরকারি চাকরিতে কোটাপদ্ধতি বাতিল ও ২০১৮ সালে ঘোষিত মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে সারাদেশের মত 'গণসংযোগ' কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ গণসংযোগ চালানো হয়।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। পরে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গণসংযোগ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে জড়ো হয়ে শিক্ষার্থীরা, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘মেধা না কোটা? মেধা, মেধা’, ‘দফা এক, দাবি এক, কোটা নট কাম ব্যাক ই.ত্যাদি স্লোগান দেয়।
কোটা আন্দোলনকারী চবির সহকারী সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শেষে দুপুর বারোটা থেকে ছেলে ও মেয়েদের হলগুলোতে গণসংযোগ করেছি। মেয়েদের হল গেটের সামনে গিয়ে আমরা চলমান আন্দোলন সম্পর্কে তাদের বলেছি, এতে তারা স্বতঃস্ফূর্ত আগ্রহ দেখিয়েছেন। আন্দোলনে নারী শিক্ষার্থীদের উপস্থিতি কম হলেও আবাসিক হলগুলোতে গণসংযোগের পর নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেড়েছে।
পরবর্তী কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, দাবি আদায় না হলে আগামীকাল থেকে ঘোষণা অনুযায়ী তিন দিনের সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালিত হবে।
