খালেদা জিয়া তো মুক্ত, তাকে কিভাবে মুক্তি দেব: আইনমন্ত্রী

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৪:৪১ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একজন মুক্ত মানুষ। এই মুক্ত মানুষকে কিভাবে মুক্ত করব? প্রশ্ন রেখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, মুক্ত মানুষকে কিভাবে মুক্তি দেব? আমি বুঝি উঠতে পারছি না, এখানেই আমার বক্তব্য শেষ।

আজ মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এর আগে গতকাল সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিন রাত ৪টা ১২ মিনিটে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেখেন, আমি একটা কথা বুঝতে পারছি না, সেটা হচ্ছে, খালেদা জিয়া মুক্ত। এই মুক্ত মানুষকে কিভাবে মুক্তি দেব? আমি বুঝি উঠতে পারছি না।

কোটা আন্দোলন নিয়ে সরকারের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সরকারের অবস্থানের বিষয়ে আমার মনে হয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট করেই বলেছেন, সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই এখন, কোটার ইস্যুটা এখন সর্বোচ্চ আদালতের কাছে আছে। সর্বোচ্চ আদালত সেখানে সিদ্ধান্ত নেবেন, তারা সব পক্ষকে শুনে সঠিক সিদ্ধান্ত দেবেন।

সরকারের কেউ কেউ বলেছেন কোটাবিরোধী আন্দোলন অযৌক্তিক- এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ মামলায় কী হতে পারে সে বিষয়ে আমি কিন্তু কিছু বলব না। কারণ হচ্ছে এটা সাব-জুডিস (বিচারাধীন)। বাইরে থেকে একজন আইনমন্ত্রী হিসেবে বা আইনের দিক থেকে যতটুকু বলার দরকার আমি কিন্তু সেটা গতকালও বলেছি, আজও বললাম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত