চার ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন রাবি শিক্ষার্থীরা

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৫:২৬ পিএম

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে ঢাকা-রাজশাহী মহাসড়ক ও ক্যাম্পাস সংলগ্ন বিশ্ববিদ্যালয় হাউজিং সোসাইটি (বিহাস) বাইপাস সড়ক অবরোধ করে প্রায় ৪ ঘণ্টা বিক্ষোভ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের মহাসড়কে এবং দুপুর ১টা থেকে বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বিহাস বাইপাস সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এতে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ তুলে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

আজকের আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। অবরোধের সময় ঢাকা-রাজশাহী মহাসড়ক ও বিহাস বাইপাস দিয়ে যান চলাচল বন্ধ হলে বিকল্প হিসেবে বেলপুকুর বাইপাস দিয়ে আমচত্বর যানগুলো চলাচল করেছে।

এর আগে আজ সকাল বেলা ১১টা থেকেই দল বেঁধে ও বিভিন্ন হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা প্যারিস রোডে অবস্থান করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা।

এ সময় কোটা নিয়ে আপিল বিভাগের রায় চার সপ্তাহের জন্য স্থগিতের প্রতিবাদ জানান তারা। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে ক্যাম্পাস সংলগ্ন বিহাস বাইপাস সড়ক ও ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন। বিকাল ৩টা ৪৫ মিনিটে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়৷

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কোটাপদ্ধতি সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও রাকসু আন্দোলন মঞ্চের সদস্যসচিব আমানুল্লাহ আমান বলেন, আমাদের বিচার বিভাগের কাছে এখন আর কোনো প্রত্যাশা নেই। নির্বাহী বিভাগের কাছে আমাদের চাওয়া, যেন পুনরায় কোটাপদ্ধতি সংস্কার করে নতুন পরিপত্র জারি করা হয়। যতদিন না পর্যন্ত নতুন পরিপত্র জারি করা হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। সরকারি চাকরিতে সর্বোচ্চ ৫ শতাংশ কোটা থাকতে পারে। এর বেশি হলে সেটা বৈষম্য সৃষ্টি করবে।' তাদের পরবর্তী কর্মসূচি সারাদেশের সঙ্গে আজ সন্ধ্যায় জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ৪ ও ৬ জুলাই মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ৮ জুলাই বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ ভবন সংলগ্ন উড়ালসড়ক এলাকার রেললাইন ৪ ঘণ্টা অবরোধ করে রাখেন। 'কোটাপদ্ধতি সংস্কার আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়'- এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গত সোমবার থেকে সারাদেশের আন্দোলনকারীরা এক দফা দাবি জানিয়ে আসছেন। দাবিটি হলো, সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে কোটাপদ্ধতি সংস্কার করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত