লক্ষ্মীপুরের কমলনগরে 'এই বেডা' বলে ডাকায় উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনামূলক পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে নির্বাচনী প্রতীক বরাদ্দের পর উপজেলা পরিষদের মূল ভবনের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন খোকন 'এই বেডা' বলে ডাক দেন অন্য প্রার্থী নুরুল করিমকে। এতে নুরুল করিম উত্তেজিত হলে দু'জনের সমর্থকদের উপস্থিতিতে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়। দু'জনই উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক) এই ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, তারা দুইজনই উত্তেজিত কণ্ঠে কথা বলছেন। তাদের সমর্থনে আসা মানুষেরাও জোর-চিৎকার দিচ্ছেন। এ সময় চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল করিমকে বলতে শোনা যায়, ত্রিশ বছর মানুষের সাথে এডা-উডা ব্যবহার করছেন। আর করা যাবে না, মানুষ আপনাদের চিনে।
প্রার্থী মো. নুরুল করিম জানান, প্রতীক বরাদ্দের পর মোশারেফ হোসেন খোকন 'এই এডা' বলে ডাক দেন। এতে আমি বিব্রতবোধ করি। মানুষের সঙ্গে এসব বাজে ব্যবহারে তিনি এর আগেও করেছেন। কিন্তু তিনি তো এমন আচরণ বা ব্যবহার করতে পারেন না।
মোশারেফ হোসেন খোকন জানান, তিনি চেয়ারম্যান প্রার্থী নুরুল করিমকে এই ভাষায় ডাক দেননি। তবে নুরুল করিম কেন উত্তেজিত হয়েছে তিনি অবগত নন। তিনি বারবার তাকে শান্ত করার চেষ্টা করেছেন বলে জানান।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. জায়েদুল হোসেন চৌধুরী জানান, প্রতীক বরাদ্দের পরই গেইটের সামনে দুই প্রার্থীর কথা কাটাকাটি হয়েছে। নির্বাচনী আচরণ বিধি সম্পর্কে তাদের বলা হয়েছে।
শৈলকুপায় মোটরসাইকেল উল্টে প্রাণ গেল যুবকের
টিএসসিতে ছাত্রলীগের সমাবেশে দুই গ্রুপের মারামারি