ঢাকা মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি চুরি প্রতিরোধে পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য দিক-নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকালে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে গত মে ও জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে পুলিশ কর্মকর্তাদের প্রতি তিনি এ নির্দেশনা দেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ৫০ থানার ওসি উপস্থিত ছিলেন।
ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবার পাশাপাশি চুরি প্রতিরোধে এলাকার নৈশপ্রহরী ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। রাত্রিকালীন টহল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরাও নৈশপ্রহরীদের নিরাপত্তার বিষয়ে সচেতন থাকবে। যেসব চুরির ঘটনা ঘটেছে সেগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উদঘাটন করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। যে বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, সেগুলো সচল রাখার জন্য বাড়ির মালিকদের জানাতে হবে।
এর আগে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে মে ও জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।
