নীলফামারীর সৈয়দপুরে বর্ণা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) সকালে উপজেলার হাজিরজাট এলাকার নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত বর্ণা আক্তার হাজিরজাট এলাকার বাদশা মিয়ার স্ত্রী ও নীলফামারী সদরের ইটাখোলা ফকিরপাড়ার বেলাল হোসেনের মেয়ে। এ ঘটনায় বর্ণার স্বামী বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহতদের স্বজনরা জানায়, বাদশা মিয়ার সঙ্গে বর্ণা আক্তারের দুই বছর আগে বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে বর্ণা তার বাবার সঙ্গে কান্নাজড়িত কণ্ঠে মোবাইলে কথা বলছিলেন। এসময় হঠাৎ করে কল কেটে যায়। সকালে জানতে পারেন বর্ণা মারা গেছেন। পরে তারা ছুটে এসে বর্ণার মরদেহে আঘাতের চিহ্ন দেখে পুলিশে খবর দেন।
সৈয়দপুর থানার ওসি শাহ আলম বলেন, এ ঘটনায় নিহতের বাবা থানায় একটি হত্যা মামলা করেছেন। ইতিমধ্যেই বর্ণার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
