রাজধানীতে শুরু হয়েছে ক্রীড়া সাংবাদিক সাইদ সাদীর একক চিত্র প্রদর্শনী। শুক্রবার ১২ জুলাই সন্ধ্যা ৭টায় ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে (বাড়ি- ২১/এ, রোড-৪) এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
সাদী’র এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা আবুল বারক আলভি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আব্দুল মান্নান এবং দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন।
“সেলফ এক্সপ্রেশন” শিরোনামে আয়োজিত এই প্রদর্শনীর মাধ্যমেই বৃহৎ পরিসরে আত্মপ্রকাশ ঘটলো সাইদ সাদীর। খেলার প্রতি ভালোবাসা থেকে প্রায় এক যুগ হলো সাদী ক্রীড়া সাংবাদিকতা ও সংবাদ উপস্থাপনা করছেন। নিজের ভাবনায় প্রকৃতির নানা রঙের খেলায় বিমূর্ত ছবি তিনি এঁকেছেন রং তুলির আঁচড়ে।
সাংবাদিকতার পাশাপাশি চিত্রশিল্পী হলেন কি করে?— এমন প্রশ্নের জবাবে সাদী বলেন, ‘পড়ালেখা ইংরেজি সাহিত্যে। পেইন্টিংয়ে কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। সোশ্যাল প্ল্যাটফর্মে দেশি-বিদেশি পেইন্টারদের অনুসরণ করেই শেখার চেষ্টা করেছি। ছেলেবেলা থেকে আঁকিয়ে সত্ত্বা ধারণ করেই স্বপ্ন দেখা। সেটাই আজ এখানে নিয়ে এসেছে। নানা সময়ে পোশাকে পেইন্ট করে সাড়া পেয়েছি। এর আগেও বেশ কয়েকবার ছোটখাটো প্রদর্শনী করেছি। কিন্তু ক্যানভাসে অ্যাক্রেলিক রঙ নিয়ে কাজ করার সাহস হয় ২০২২ সালে। ছোট থেকে শুরু, এরপর তা নেশার পরিণত হয়। পরিবার ও কাছের মানুষদের প্রেরণা আর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
ধানমন্ডির শফিউদ্দীন শিল্পালয়ে সাদী’র ৫০টি শিল্পকর্ম নিয়ে আয়োজিত পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আগামী ১৬ জুলাই, মঙ্গলবার। শনিবার থেকে প্রতিদিন এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
