বগুড়ায় এনআরবিসি ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরির পাঁচ মাস পর দেড় লক্ষাধিক টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে লুণ্ঠন কাজে ব্যবহৃত সামগ্রীও উদ্ধার করা হয়েছে। গত ২৭ জানুয়ারি এনআরবিসি ব্যাংকের ওই উপশাখা থেকে ভল্ট ভেঙে ৯ লাখ ৭৮ হাজার ৬১৪ টাকা চুরি হয়। গতকাল শনিবার সন্ধ্যায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, সম্প্রতি বগুড়া শহরতলীর মাটিডালী মোড়ে অবস্থিত আইএফআইসি ব্যাংকের চুরির ঘটনায় রহস্য উদঘাটনের পর ওই চুরিতে জড়িত বগুড়া সদর উপজেলার হুকমাপুর গ্রামের জাহিদুল ইসলামকে (২৯) দুদিনের রিমান্ডে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে সে এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল হাট উপশাখায় চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে ওই ব্যাংক থেকে লুণ্ঠিত টাকার ৫৭ হাজার ২৫০ টাকা তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। সেইসঙ্গে ওই ঘটনায় তার সহযোগী গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়ার বাসিন্দা মৃত সিরাজ শেখের ছেলে রিয়াজ উদ্দিন শেখ মিঠুকে (৪০) গ্রেপ্তার এবং তার হেফাজত থেকে লুণ্ঠিত টাকার মধ্যে ১ লাখ ১ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
