রাজবাড়ীতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র ইউনিয়নের অবস্থান কর্মসূচি

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:০১ এএম

রাজবাড়ীতে কোটা সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ইউনিয়ন। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী ১ নম্বর রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্বরে অবস্থান নেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। সেখানে বক্তব্য দেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তী, শহর শাখা ছাত্র ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মেহরান খান, শিক্ষার্থী তাসিন খান ও শাহারিয়ার দ্বীন।

এরপর একটি মিছিল ১ নম্বর রেলগেট গিয়ে রেললাইনের ওপর অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী স্টেশনে অপেক্ষা করছিল। শিক্ষার্থীরা ট্রেন আটকে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশের অনুরোধে আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইন থেকে সরে যান।

রাজাবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা রেললাইনের ওপর অবস্থান নিয়েছিলেন। আমরা তাদের সঙ্গে কথা বলি। একপর্য়ায়ে তারা তাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত