এক মেয়েকে বাঁচাতে গিয়ে ট্রেনে কেটে আরেক মেয়ে নিয়ে মায়ের মৃত্যু

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৩:০৫ এএম

নরসিংদীতে মেয়েকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে আরেক মেয়ে নিয়ে মায়ের মৃত্যু হয়েছে। এ সময় ট্রেনের ধাক্কায় মেয়েটিও গুরুতর আহত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৬টার দিকে নরসিংদী রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ৩ নম্বর লাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো শিবপুরের ইটাখোলা মুনসেফেরচর এলাকার মালয়েশিয়া প্রবাসী জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা আক্তার (২৫), তার মেয়ে মাইমুনা (দেড় বছর)। গুরুতর আহত ৪ বছর বয়সী সিনহাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

দুর্ঘটনার সময় নিহত সাবিনার সঙ্গে থাকা তার ভাগ্নে তানিম বলেন, ‘গতকাল বিকেলে মামির সঙ্গে আমরা চারজন নরসিংদীতে আসি। আমরা ইনডেক্স প্লাজা শপিং মলে কেনাকাটা করি। কেনাকাটা শেষে রেলস্টেশনে ঘুরতে আসি। তখন আমরা ছবি তুলছিলাম। সিনহা আমাদের থেকে দূরে চলে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। হঠাৎ মামি ট্রেনের শব্দ শুনে দেখতে পান সিনহা রেললাইনের কাছাকাছি চলে গেছে। কোলে থাকা মাইমুনাকে নিয়ে মামি সিনহাকে বাঁচাতে যান। তখন ট্রেনে কাটা পড়ে মামি ও মাইমুনার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে সিনহাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠিয়েছেন।’

এ ঘটনার পর মা ও শিশুর মরদেহ দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় উৎসুক জনতা। খবর পেয়ে নিহতের স্বজনরা স্টেশনে ছুটে আসেন। ওই সময় স্বজনদের কান্নায় স্টেশন এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঘটনার প্রতক্ষদর্শী মো. শাহপরান বলেন, ‘আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। ট্রেন হর্ন দেওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে বাচ্চাটি প্ল্যাটফর্মের রেললাইনে পড়ে যায়। তাকে বাঁচাতে যান তার মা। তখন তারা দুজনই কাটা পড়ে মারা যায়। আহত বাচ্চাটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

নরসিংদী স্টেশন মাস্টার এটি এম মুছা জানান, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। ওই সময় ট্রেনটির নিচে পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়। একটা শিশু বাচ্চা গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মাহামুদুল বাশার কমল জানান, আহত শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহীদুল্লাহ বলেন, মেয়েকে বাঁচাতে মা ও বোনের মৃত্যু হয়েছে। আর একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা স্বজনদের সঙ্গে কথা বলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করব। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত