যশোরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, মেয়েকে জখম

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:৩২ এএম

যশোরের ঝিকরগাছায় গ্রিল কেটে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা ও তার কিশোরী মেয়েকে জখম করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফেরদৌসী খাতুনের (৫০) স্বামী আলতাফ হোসেন স্পেন প্রবাসী। হামলায় আহত হয়েছেন তাদের মেয়ে জান্নাতি খাতুন (১১)।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া জানান, ‘গ্রিল কেটে ঘরে ঢুকে ওই নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকান্ড ঘটল সেটি আমরা তদন্ত করছি।’

প্রতিবেশীরা জানান, দুর্বৃত্তরা রান্নাঘরের গ্রিল কেটে ওই বাড়িতে ঢোকে। এ সময় ফেরদৌসী খাতুন ও তার মেয়ে জান্নাতি টের পেলে দুর্বৃত্তরা তাদের উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত জান্নাতি পাশে তার চাচা মিজানুর রহমান মিন্টুর বাড়িতে গিয়ে ঘটনা জানায়। মিন্টু প্রতিবেশী আরও কয়েকজনকে নিয়ে ঘরে ঢুকে দেখেন ফেরদৌসী খাতুন মৃত অবস্থায় ঘরে পড়ে আছেন। পরে জান্নাতিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

মিন্টু জানান, আলতাফ হোসেন ও তার স্ত্রী ফেরদৌসী বেগম দুই ছেলে ও এক মেয়েসহ স্পেনে বসবাস করতেন। গত ৫/৬ মাস আগে বড় ছেলেকে বিয়ে দেওয়ার জন্য তারা সপরিবারে দেশে ফেরেন। বিয়ে শেষে আলতাফ হোসেন ও বড় ছেলে স্পেনে চলে যান। ফেরদৌসী বেগম মেয়ে জান্নাতিকে নিয়ে বাড়িতেই থাকতেন। আর ছোট ছেলে মামুন স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রাবাসে থেকে হেফজ্ বিভাগে পড়াশোনা করে।

রবিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল। তিনি জানান, কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত