মাদকাসক্তি নিরাময় ও মাদকবিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশসেরার পুরস্কার পেয়েছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ওয়েসিস। গতকাল রবিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়েসিসের চেয়ারম্যান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
অনুষ্ঠানে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে নির্বাচিত সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। মাদকবিরোধী কর্মকাণ্ডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও নিবন্ধিত এনজিওগুলোর মধ্যে ৯টি প্রতিষ্ঠানকে এ বছর পুরস্কৃত করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই এর সমাধান’।
