এবার লাউতারো নিলেন ডি মারিয়ার ‘দায়িত্ব’

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:২৪ পিএম

বিদায় বেলাতেই আনহেল ডি মারিয়া দেখলেন তার উত্তরসূরি কে হতে চলেছেন। অগ্রজের মাঠে থাকাকালেই লাউতারো মার্তিনেজ যেন নিজে থেকে সেই দায়িত্ব কাঁধে তুলে নিলেন। লিওনেল মেসির যত আন্তর্জাতিক শিরোপা, সবেতেই এতকাল ছিল ডি মারিয়ার অবদান। যে মেসি ৩ বছর আগেও ছিলেন আন্তর্জাতিক ট্রফি শূন্য, এবার সেই মেসির জীবনে ট্রফি যেন বানের মতো ভেসে আসছে। সতীর্থরাই তাকে এনে দিচ্ছেন সেগুলো। আজ আবার তিনি জিতলেন কোপার শিরোপা। তবে এবার আর ডি মারিয়ার গোলে নয়, গোলটি ছিল লাউতারোর।

আন্তর্জাতিকে লিওনেল মেসির প্রথম শিরোপা ধরা হয় ২০২১ সালে কোপা আমেরিকা জয়কে। তবে তারও আগে বিশ্বের সবচেয়ে প্রাচীন ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিকে ২০০৮ সালে স্বর্ণ পদক জিতেছিলেন লিওনেল মেসিরা। তর্কের খাতিরে সেটাকেও প্রথম শিরোপা বলে ধরে নেওয়া যেতে পারে।

বেইজিং অলিম্পিকের ফাইনালে নাইজেরিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। যেখানে গোল করেছিলেন ডি মারিয়া। তার একমাত্র গোলেই স্বর্ণ জিতেছিল আর্জেন্টাইনরা। তারও আগে ২০০৫ সালে এই নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছিল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। ফাইনালে সেদিন পেনাল্টি থেকে দুটি গোলই করেছিলেন মেসি। সেবার অবশ্য ডি মারিয়ার কোনো অবদান ছিল না।

কিন্তু ২০০৮ সাল থেকে ডি মারিয়া যেন দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নেন। ফাইনালে তিনি গোল করলে হতাশ হয়নি আর্জেন্টিনা। কিন্তু অলিম্পিকে স্বর্ণ জয়ের পর টানা ১২ বছর কোনো শিরোপা জিতেনি আর্জেন্টিনা। মাঝে ঘটে গেছে কতশত ঘটনাও। সেসব ছাপিয়ে ২০২১ সালে এসে মারাকানায় কোপার ফাইনালে ডি মারিয়ার একমাত্র গোলে ২৮ বছর পর কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা।

কোপা আর ইউরোর শিরোপাজয়ীরা মুখোমুখি হয়ে ফিনালিসসিমায়। সেখানেও ইতালিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। লাউতারো মার্তিনেজ সেদিন প্রথম গোলটাই করেছিলেন, শেষ গোলটি আসে পাওলো দিবালার পা থেকে। দ্বিতীয় গোলটি করেছিলেন আনহেল ডি মারিয়া।

তারপর আসে কাতার বিশ্বকাপ। যে টুর্নামেন্টে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে শুরু করেছিল আর্জেন্টিনা। কিন্তু সৌদি আরবের কাছে প্রথম ম্যাচে হেরেই থামে তাদের জয়রথ। সেই হারের পর আবার শুরু তাদের জয়। একে একে উঠে ফাইনালে। যেখানে টানটান উত্তেজনা আর নাটকীয়তার পর শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেখানেও গোল করেছিলেন ডি মারিয়া।

অর্থাৎ, মেসির পরম আরাধনার যে দুই শিরোপা সেটি আসে ডি মারিয়ার গোলেই। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে যখন বসেছিল কোপার আসর, তখনও ফাইনালে উঠে আর্জেন্টিনা। এবার আর মেসির জন্য কেউ খেলতে নামেনি। ডি মারিয়া আগেই ঘোষণা করেছিলেন, কোপা শেষে বিদায় জানাবেন আর্জেন্টিনার জার্সিকে। তাই তার বিদায়টা রাঙানোর জন্য মরিয়া ছিলেন সবাই। এমনকি মেসিও তাকে কথা দিয়েছিলেন কোপার শিরোপা এনে দেবেন। কিন্তু ৬৬ মিনিটে চোট পেয়ে তিনি যখন মাঠ ছাড়ছিলেন, তখন হয়তো কথা রাখতে পারবেন না ভেবেই কাঁদছিলেন।

কিন্তু শেষ পর্যন্ত কথা রাখতে পারলেন মেসি। সেটাও লাউতারো মার্তিনেজের কল্যাণে। যার গোলে এসেছিল ফিনালিসসিমা। কঠিন প্রতিপক্ষ কলম্বিয়ার বিপক্ষে হাঁসফাঁস করছিল যখন আর্জেন্টিনার প্রথম একাদশ, লাউতারো তখন এগিয়ে আসলেন ত্রাতা হয়ে। সেই ত্রাতার ১১২ মিনিটের গোলেই টানা দ্বিতীয়বার কোপার শিরোপা জেতেন মেসিরা। গড়েন তারা রেকর্ড ১৬টি কোপা জেতার নজির।

এই গোল শুধু শিরোপা জয়ের গোলই না। বিদায় বেলায় ডি মারিয়া জানিয়েও দেওয়া- তোমার অভাব বুঝতে দেব না। লাউতারো গোল করে যেন সেটা বলে দিলেন অগ্রজকে। মেসির শিরোপা জেতার পথের নতুন স্কোরার এখন তাই তিনিই।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত