আশা পূরণ হয়েছে লামিন ইয়ামালের। স্পেনের এই বিস্ময়বালক দুদিন আগে আশা প্রকাশ করেছিলেন, ইউরোয় স্পেন এবং কোপা আমেরিকায় যেন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। যাতে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের ফিনালিসিমায় মেসির সঙ্গে তাঁর দেখা হয়।
রবিবার রাতে স্পেন ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হয়। সোমবার সকালে আর্জেন্টিনা ১-০ গোল কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে।
ইউরোপ ও দক্ষিণ আমেরিকা মহাদেশের দুই চ্যাম্পিয়ন দলের লড়াই ফিনালিসিমা বা গ্র্যান্ড ফাইনাল ইয়ামাল-মেসির মুখোমুখি হওয়াটা এখন সময়ের ব্যাপার।
তবে পরবর্তী ফিনালিসিমার দিনক্ষণ চূড়ান্ত হয়নি। উয়েফা এবং কনমেবলের মধ্যে যে চুক্তি সই করা আছে, তাতে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত দুই মহাদেশের চ্যাম্পিয়নদের মধ্যে ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত। ফলে ২০২৫ সালের জুন-জুলাইয়ের মধ্যে পরবর্তী ফিনালিসিমা অনুষ্ঠিত হতে পারে। সেই সময় পর্যন্ত মেসি জাতীয় দলের হয়ে খেললে ইয়ামালের ইচ্ছে পূরণ হবে।
ইয়ামাল বর্তমানে খেলছেন বার্সেলোনাতে আর মেসি যে বার্সার কিংবদন্তি তা নতুন করে বলার কিছু নেই। ইউরোর এবারের আসর চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। যাতে দেখা যায় ইউনিসেফের এক অনুষ্ঠানের অংশ হিসাবে মেসি ইয়ামালকে গোসল করাচ্ছেন। এই ঘটনার পর ফুটবল ভক্তদের অনেকেই চাইছিলেন স্পেন-আর্জেন্টিনা যেন ফিনালিসিমা হয়।
আর্জেন্টিনার জয়ের পর কোচ স্কালোনিকে পরবর্তী ফিনালিসিমা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'এটা কি হবে? আমার পরিবারের একটা অংশ স্প্যানিশ। দেশটার সঙ্গে আমার বিশেষ একটা বন্ধন আছে। আমি ওখানেই থাকি, কোচকেও (দে লা ফুয়েন্তে) চিনি। স্পেন ইউরো জেতায় আমি খুশি। আর আমাদের যদি (ফিনালিসিমা) খেলতে হয়, তাহলে আমি সমস্যাতেই পড়ব। কারণ, আমার পরিবার দুই ভাগ হয়ে যাবে। ওটা চমৎকার ম্যাচ হবে। কারণ দুটো দলই দুর্দান্ত ফর্মে আছে এবং একে অপরের চেয়ে ভিন্নভাবে খেলে।'
সবশেষ ২০২২ ফিনালিসিমায় আর্জেন্টিনা হারিয়েছিল ইতালিকে।
গোল্ডেন গ্লাভসের মালিক যেন মার্তিনেজই
তিন বছরে চার ট্রফি, এই জীবনে ফুটবলে আর কিছু দেখার নাই: মাশরাফি