পোশাক শিল্পে বিজিএমইএর সঙ্গে কাজ করতে চায় ক্যাসকেল

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১২:০৯ এএম

পোশাক শিল্পে পরিবেশগত ও সামাজিক সমন্বিত আচরণবিধি প্রণয়ন ও অডিট করার জন্য প্রটোকলগুলোকে একত্রিত করার বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে ক্যাসকেলের সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএর নেতারা।

বিজিএমইএ বলছে, পোশাক কারখানাগুলোর জন্য ভিন্ন ভিন্ন ক্রেতার জন্য ভিন্ন ভিন্ন আচরণবিধি এবং একাধিক অডিট সম্পাদন শুধু প্রতিষ্ঠানগুলোর সময় এবং অর্থের অপচয় করে না, বরং প্রতিষ্ঠানগুলোর জন্য অডিট প্রক্রিয়া জটিল ও কমপ্লায়েন্স প্রতিপালন কষ্টসাধ্য করে। শিল্পকে টেকসই করার জন্য পোশাক সমন্বিত আচরণবিধি প্রণয়ন ও কারখানায় অডিট করার জন্য প্রটোকলগুলোকে একত্রিত করা জরুরি।

এরকম একটি প্রেক্ষাপটে পোশাক শিল্পে পরিবেশগত ও সামাজিক সমন্বিত আচরণবিধি প্রণয়ন এবং অডিট করার জন্য প্রটোকলগুলোকে একত্রিত করার বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে ক্যাসকেলের (সাবেক সাসটেইনেবল অ্যাপারেল কোয়ালিশন) সিইও কলিন ব্রাউন ও বিজিএমইএ নেতাদের মধ্যে একটি বৈঠক হয়েছে।

গতকাল সোমবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত বৈঠকে বিজিএমইএ সভাপতি এসএম মান্নানের (কচি) সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহসভাপতি আবদুল্লাহ হিল রাকিব, পরিচালক আশিকুর রহমান (তুহিন), পরিচালক শামস মাহমুদ, পরিচালক আবরার হোসেন সায়েম, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক শেহরিন সালাম ঐশী।

বৈঠকে সোশ্যাল ও টেকনিক্যাল অডিটের জন্য শিল্পে সর্বজনস্বীকৃত একটি সমন্বিত আচরণবিধি (ইউনিফাইড কোড অব কন্ডাক্ট) প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়টি নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়।

বিজিএমইএ সভাপতি বিশ্বব্যাপী ক্রেতা, প্রস্তুতকারক এবং শ্রমিকসহ সব স্টেকহোল্ডারের সুবিধার্থে এ ধরনের একটি সমন্বিত আচরণবিধি প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য ক্যাসকেলকে আহ্বান জানান। তিনি বলেন, এটি ছাড়া শিল্পকে দীর্ঘমেয়াদে টেকসই করা সম্ভব হবে না।

ক্যাসকেলের সিইও বলেন, বাংলাদেশের পোশাক শিল্প দুর্দান্ত অগ্রগতি অর্জন করলেও শিল্পে আরও করণীয় আছে। আমরা প্রত্যেকে, সাপ্লাই চেইনে সবাই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি। বিজিএমইএ ও ক্যাসকেল একসঙ্গে সহযোগিতার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত