লুব্রিকেন্টস অয়েলের অতিরিক্ত শুল্ক কমানোর দাবি

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১২:১০ এএম

২০২৪-২৫ অর্থবছরে বাজেটে ফিনিশিড লুব্রিকেন্টস অয়েলের  ওপর অতিরিক্ত শুল্কায়ন মূল্য নির্ধারণ করায় দেশ থেকে নিশ্চিতভাবে ডলার পাচার বাড়বে বলে দাবি করেন লুব্রিকেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লিয়াব) সভাপতি মোহাম্মদ জমসের আলী। তিনি বলেন, লুব্রিকেন্টের মূল্যবৃদ্ধি হলে তার বিরূপ প্রতিক্রিয়া পড়বে সব নিত্যপণ্য সামগ্রীতে। বিশেষ করে পরিবহন, শিল্প, কলকারখানা, বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পে খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। ফলে সরকারের বর্তমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চেষ্টা নিশ্চিতভাবে ব্যর্থ হবে।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে আমদানিকৃত লুব্রিকেন্টের ওপর শুল্ক কমানোর দাবি জানানোর সময় এ কথা বলেন তিনি।

মোহাম্মদ জমসের আলী বলেন, বাজার মূল্য থেকে শুক্লায়ন মূল্য অতিরিক্ত ধার্য করার ফলে প্রতি মেট্রিকটনে মিনারেল ১ হাজার ২০০ ডলার, সেমি সিনথেটিক ১ হাজার ৫০০ ডলার, সিনথেটিক ৩ হাজার ডলার পাচার করার সুযোগ হয়েছে। এতে করে সরকারি সুবিধায় ওভার ইনভয়েসের সুযোগ থাকায় নিশ্চিতভাবে ডলার পাচার বাড়বে।

তিনি বলেন, ২০২৪-২০২৫ অর্থবছরে আমদানীকৃত সব প্রকার লুব্রিকেন্টস অয়েলের এনবিআর আমদানি শুল্কায়ন মূল্য (ওভার ইনভয়েস) অস্বাভাবিক হারে নির্ধারণ করায় বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ডলার পাচারের পথ উন্মুক্ত হবে। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে। তা ছাড়া আন্তর্জাতিক নিয়মের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এইচএস কোড সংযোজন করায় এই খাতের ব্যবসায়ীরা হয়রানির শিকার হবে।

লুব্রিকেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, অর্থ পাচার রোধ, বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা, পরিবহন, শিল্প, কল-কারখানা, বিদ্যুৎ, পাওয়ার প্ল্যান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্প খাতে মূল্য নিয়ন্ত্রণ রাখা ও প্রতিযোগিতামূলক বাজারে ন্যায্যতার জন্য ফিনিশড লুব্রিকেন্টস অয়েলের ওপর ২০২৪-২০২৫ বাজেটে বাজার মূল্যের অতিরিক্ত শুল্কায়ন মূল্য পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারের সহিত সামঞ্জস্যপূর্ণ প্রকৃত ২০০০ ডলার নির্ধারণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

মোহাম্মাদ জমসের আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লুব্রিকেন্টস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পরিচালক আবুল কাশেম জামাল, দেলোয়ার হোসেন, সানওয়াল আহমেদ, খোরশেদ আলমসহ আরও অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত