ফরিদপুরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌন নিপীড়নের অভিযোগে প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার রাতে কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক টিটন শ্রেণিকক্ষেই ছাত্রীদের গায়ে হাত দিতেন। নিজ বাসায় প্রাইভেট পড়ানোর সময়ও ছাত্রীদের সঙ্গে অশালীন ব্যবহার করতেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেয় বিদ্যালয়ের দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী।
এ বিষয়ে বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, তাদের সঙ্গে অশালীন ব্যবহারের পাশাপাশি ফেসবুক মেসেঞ্জারেও বাজে ছবি পাঠাতেন প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহাতাব আলী বলেন, ‘এ ঘটনায় মঙ্গলবার (আজ) ম্যানেজিং কমিটির সভা আহ্বান করা হয়েছে। সেই সভায় এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’ ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, ‘ভুক্তভোগীদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করা হয়।’
