নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টাকা চেয়ে না পাওয়ায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গতকাল সোমবার ভোরে উপজেলার বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
দুই কন্যাসন্তানের জননী ওই নারীর নাম কাজলী বেগম (৩০)। তিনি একই এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। কাজলীর স্বামী মাসুম মিয়া (৩৫) উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওই দম্পতির মেয়ে মারজান বলেন, ‘রবিবার মা কিস্তির টাকা উঠিয়েছেন। এরপর বাবা নেশার জন্য টাকা দিতে মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। টাকা দিতে অস্বীকার করায় আজ (গতকাল) ভোরে কাঁচি দিয়ে মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এখন এক বছর বয়সের বোন মুনা ছাড়া আমার আর কেউ রইল না।’
স্থানীয়রা জানান, সোমবার ভোরে দুই মেয়ের চিৎকারে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে যায়। ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে কাজলীর রক্তাক্ত লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে তারা। পরে মাসুমকে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তিন বছর আগে একবার নেশার টাকার জন্য তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছিল মাসুম। ঘটনাটি তখন স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হয়েছিল।
