বিসিবি ছেড়ে পিসিবিতে যোগ দিলেন হেমিং

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৩:০৮ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকরি ছেড়ে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব নিলেন টনি হেমিং। হেমিংয়ের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে পিসিবি। কাকতালীয়ভাবে, কয়দিন পরেই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের মাধ্যমেই নতুন দায়িত্ব শুরু করবেন হেমিং।

পিসিবি এক বিবৃতিতে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। গত ১০ জুলাই হেমিং বাংলাদেশকে বিদায় জানান।

বাংলাদেশের ক্রিকেটারদের দক্ষতা ও অভিজ্ঞতা সম্পর্কে বেশ ভালোভাবেই অবহিত হেমিং। তাই আসন্ন সিরিজে তার হাতে তৈরি পিচে বাংলাদেশি ব্যাটসম্যানদের, বিশেষ করে নাজমুল হোসেন শান্তর জন্য কঠিন পরীক্ষার সম্ভাবনা রয়েছে।

গত বছরের জুলাই মাসে বিসিবির কিউরেটরের দায়িত্ব নিয়েছিলেন হেমিং। দুই বছরের চুক্তিতে বাংলাদেশে যোগ দিলেও মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নেন তিনি। যাওয়ার আগে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলে গেছেন গামিনি ডি সিলভার সঙ্গে দ্বন্দ্ব ও কাজের পর্যাপ্ত সুযোগ না থাকার কথা।

সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি কাজ করতে এসেছিলাম বাংলাদেশে। কিন্তু শুধু চা পান করি আর বসে থাকি। কোনো কাজ থাকে না এটা বেশ বিরক্তিকর।’ গামিনি ডি সিলভাকে তিনি চেনেন না জানিয়ে বলেছেন, ‘আমি তাকে চিনি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং কোনোদিন কথাও হয়নি।’

বিসিবিতে একটা শ্রীলঙ্কান মাফিয়া আছে বলেও মন্তব্য করেন বিসিবি থেকে পদত্যাগ করে পিসিবিতে যাওয়া কিউরেটর টনি হেমিং।

বাংলাদেশে কাজ করার আগে আইসিসি ক্রিকেট একাডেমি এবং দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন হেমিং। এছাড়াও তিনি ওমান ক্রিকেট একাডেমির আইসিসি পিচ কনসালটেন্ট, পার্থের অপটাস স্টেডিয়ামের এরিনা ম্যানেজার, আইসিসি ক্রিকেট একাডেমির আন্তর্জাতিক উপস্থাপক ও শিক্ষাবিদ এবং সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের এরিনা ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত