কোটার সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মধ্যরাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের উত্তেজনার একপর্যায়ে সকালে হল গেটে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করেছে হল প্রশাসন।
আজ বুধবার (১৭ জুলাই) ভোর ৫টায় হলের প্রোভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীদের জন্য নিন্মোক্ত নির্দেশনা প্রদান করা হলো।
১. শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে স্থায়ীভাবে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো।
২. কোনো বহিরাগত হলে অবস্থান করতে পারবে না।
৩. শিক্ষার্থী কোন প্রকার ক্ষতির (শারীরিক ও মৌখিক) সম্মুখীন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
৪. প্রশাসনিকভাবে নিয়মিত শিক্ষার্থীদের সিট বন্টনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
৫. হলের সকল ধরণের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, রাত দেড়টা থেকে হলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা কোটা আন্দোলনে যুক্ত থাকায় হলে কোন সমস্যার সৃষ্টি হবে না মর্মে প্রভোস্টের কাছে লিখিত অঙ্গীকারনামা চান। পরে ভোর পৌনে ৫টায় হলগেটে ককটেল বিস্ফোরণ করে ছাত্রলীগের নেতারা। ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদের কক্ষ ভাঙচুর করেন এবং হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও অভিযুক্তদের হল থেকে বহিষ্কারের দাবি জানালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে হল প্রশাসন।
