ববিতে মধ্যরাতে শিক্ষার্থীদের সাথে ক্যারাম খেলেছেন উপাচার্য

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৯:১৪ এএম

মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের সাথে ক্যারাম খেলেছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে শিক্ষার্থীদের সাথে ক্যারাম খেলেন উপাচার্য। এর আগে বঙ্গবন্ধু হল পরিদর্শন করেন তিনি। উপাচার্যের এমন তৎপরতা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসা কুড়িয়েছে।

ইফতি আল মারুফ নামে এক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘যেখানে অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা লেজ গুটিয়ে পালায় সেখানে আমার উপাচার্য আন্দোলনরত সাধারণ ছাত্রদের সাথে হলে। সত্যিই প্রশংসনীয়।’

সংশ্লিষ্টরা জানান, মঙ্গলবার (১৬ জুলাই ) রাত সাড়ে ১০ টায় এক ফেসবুক পোস্টে ছাত্রলীগ হামলা করতে পারে এমন একটি বার্তা ছড়িয়ে পড়লে ববির আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একাংশের পক্ষ থেকে আল সামাদ শান্ত বিষয়টি সম্পূর্ণ গুজব হিসেবে অভিহিত করেন।

এ সময় শিক্ষার্থীদের আশ্বস্ত ও তাদের খোঁজ নিতে তাৎক্ষণিক ছুটি যান ববি উপাচার্য। এছাড়া শিক্ষার্থীদের উৎকণ্ঠা কাটাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহকারী প্রক্টরসহ উপাচার্য নিজেও ক্যাম্পাসে অবস্থান করবেন বলে জানান। পাশাপাশি শেরে বাংলা ও বঙ্গবন্ধু হল,শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের  প্রভোস্ট ও হাউস টিউটরদেরও রাতে হলে থাকার নির্দেশনা দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত