কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশে সহিংতার ঘটনায় চলছে টানা কারফিউ। এতে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নৌকার মাঝি, অটোচালক, দিনমজুর, পরিবহন শ্রমিকসহ নিম্নআয়ের মানুষ। এই কারফিউতে গত তিনদিনে প্রায় ৪০ টন চাল উপহার হিসেবে ৫ হাজার নিম্নআয়ের মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আনছর আলী। গত ২১ জুলাই থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত সাধারণ মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয় এই চাল।
বৃদ্ধ মাঝি আনোয়ার বলেন, ‘বাবাগো কাউফিউর লাইগা মানুষ ঘর থেইকা বাইর অয় না। এর লাইগ্যা আমাগো দ্যাখনের মানুষও নাই।
আনছর আলী নামে একজন বাড়িত আইসা চাইল দিয়া গেছে। আল্লায় তার ভালা করুক।’
বৃদ্ধা মর্জিনা বেগম বলেন, ‘আমার পোলাডায় অটোরিকশা চালায়। সরকার দেশে কারফিউ দিছে, এর লাইগা আমার পোলায় ঘর থেইকা বাইর অয় না। রাইতের বেলা আনছর আলী আমাগো বাড়িত চাল ও কিছু টাহা দিয়া গেছে। এই চাল আর টাহা দিয়া কিছুদিন যাইব।’
জেলা পরিষদের সদস্য আনছর আলী বলেন, ‘সারা দেশে কারফিউ চলার কারণে আমার রূপগঞ্জ ইউনিয়নের নিম্নআয়ের মানুষ খুব কষ্টে দিন পার করছে।
এ কারণে আমি উপহার হিসেবে তাদের ঘরে ঘরে ৪০ টন চাল পৌঁছে দিয়েছি। কারফিউ যদি আরও বাড়ানো হয়, আমার সহযোগিতা সবসময় তাদের জন্য থাকবে। এর আগেও আমি রূপগঞ্জ ইউনিয়নের নিম্নআয়ের মানুষদের বাড়ি বাড়ি গিয়ে গ্রীষ্মের ফল আম-কাঁঠাল উপহার হিসেবে দিয়ে এসেছিলাম।’
