গাজা শহরের ৮০ শতাংশ খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাদের

  • গাজার ৮০ শতাংশ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী
  • ফিলিস্তিনিদের উদ্বেগ, এত বিশাল স্থান খালি করার পর কোথায় আশ্রয় নেবেন তারা
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০২:০৯ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার ৮০ শতাংশ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এমন অবস্থায় অসহায় ফিলিস্তিনিদের মনে গভীর উদ্বেগ দেখা দিয়েছে, তাদের প্রশ্ন, এত বিশাল স্থান খালি করার পর কোথায় আশ্রয় নেবেন তারা?

মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার জানায় যে, খান ইউনিসের পার্শ্ববর্তী এলাকা থেকে "উল্লেখযোগ্য সন্ত্রাসী কার্যকলাপ এবং রকেট উৎক্ষেপণ হয়েছে। এরই জেরে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। পরবর্তীতে এলাকাটিতে এর পরে ভারী বোমাবর্ষণ চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। সন্ত্রাসবাদীদের নির্মূল করতে ওই বোমাবর্ষণ করা হয়েছে বলে জানায় তারা।

এদিকে ইসরায়েলের নির্দেশে এলাকা খালি করছেন গাজার নিরীহ বাসিন্দারা। পায়ে হেটে ও গাড়িতে করে শত শত মানুষকে পালাতে দেখা গেছে। কিন্তু তাদের মনে উৎকণ্ঠা কোথায় যাবেন তারা।

মঙ্গলবার খান ইউনিসে নতুন করে চালানো স্থল অভিযানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন দুই শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে।

এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকে বিশ্লেষকরা ব্যর্থ হিসেবে অভিহিত করছেন। তার এ সফর যুক্তরাষ্ট্রে সমালোচনা ও বিক্ষোভের মুখে পড়ে। ক্যাপিটল হিলে বিক্ষোভকারীরা তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি জানান।

নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের সময়, ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে চুক্তির দাবি জানান তাদের স্বজনরা এবং তেল আবিবের রাস্তায় র‌্যালি বের করেন। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্ল্যান্ট বলেন, হামাসের পরাজয়ের মাধ্যমে জিম্মি মুক্তির বিষয়ে তারা এগিয়ে যাচ্ছেন, তবে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত