জামালপুরে ছড়িয়ে পড়ছে গরুর লাম্পি স্কিন রোগ, আতঙ্কে খামারিরা

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০১:১৯ পিএম

জামালপুরের সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় গরুর শরীরে লাম্পি স্কিন ভাইরাস রোগ দেখা দিয়েছে। এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে ছোট ছোট প্রান্তিক খামারে। গত কয়েক মাসে এই রোগে আক্রান্ত হয়ে গরুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন খামারিরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ৭টি উপজেলাতেই লাম্পি স্কিন ভাইরাসে আক্রান্ত হচ্ছে গরু। এ ভাইরাস জেলাজুড়ে ছড়িয়ে পড়ছে। এতে অন্তত দেড় হাজার গরু আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই মারা গেছে ২৫-৩০টি গরু। এর মধ্যে সদর উপজেলাতেই মারা গেছে ১৫টি গরু।   

খামারিরা জানান, লাম্পি স্কিন ভাইরাসে আক্রান্ত হয়ে গরু বেঁচে যাওয়ার সম্ভবনা খুবই কম। আক্রান্ত গরুর প্রথমেই জ্বর হয়, পরে চামড়ার নিচে ফুলে গুটির মতো হয়। একপর্যায়ে সেই গুটি গলে ক্ষতের সৃষ্টি হয়। এই ক্ষত থেকেই গরু মারা যায়। 

খামারিদের অভিযোগ, এ দুর্যোগময় সময়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাউকে পাশে পাচ্ছেন না তারা। অফিসে গিয়ে কোনো কর্মকর্তাদের পাওয়া যায় না। 

সরেজমিনে সদর উপজেলার কয়েকটি এলাকা গিয়ে দেখা যায়, ‘গরুর চামড়ার নিচে ছোট ছোট গুটি। রোদ ও গরমে গরু হাসফাঁস করছে। আক্রান্ত গরু খাবার খাচ্ছে খুব কম।’ 

সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি এলাকার জীবন নাহার বলেন, ‘লাম্পি স্কিন ভাইরাসে গত বছর শখের গরুটি মারা গেছে। এবারও আক্রান্ত হয়েছে আরও একটি গরু। এই গরুটি মারা গেলে আমি একেবারে নিঃস্ব হয়ে যাবো।’ 

ওই এলাকার আরও কয়েকজন কৃষকের সঙ্গে কথা হলে তারা বলেন, এলাকায় হঠাৎ করে লাম্পি ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গরুর বাছুর সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। 

জামালপুর পৌরশহরের পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার প্রান্তিক খামারি মমিন শেখ বলেন, ‘আমার একটা গরু লাম্পি ভাইরাসে আক্রান্ত হয়ছে। অনেক যত্ন নিয়ে সুস্থ করার চেষ্টা করছি। এ পর্যন্ত পশু হাসপাতালের কাউকে পাশে পাইনি। বাইরের চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হচ্ছে।’ 

একই এলাকার খামার মালিক সাজিদ বলেন, ‘আমার প্রায় এক লাখ টাকা দামের একটি গরু মারা গেছে। এলাকায় অনেক গরু আক্রান্ত রয়েছে। তবে পশু হাসপালের কেউ আমাদের গরুর খোঁজ-খবর নেয়নি। তারা মাঠে আসেও না।’ 

এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, ‘এ ভাইরাসে আতঙ্কিত হওয়ার কিছু নেই। চিকিৎসকের পরামর্শে গরুর বাড়তি পরিচর্যা করলেই লাম্পি স্কিন ভাইরাস সেরে যাবে।’  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত