দীর্ঘতম নদী বলতে বোঝায় ওই নদ বা নদীকে, যা সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করে। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, যার দৈর্ঘ্য ৬,৮৫৩ কিলোমিটার (৪,২৫৮ মাইল)। এর প্রস্থ ২.৮ কিলোমিটার (২ মাইল)। এটি আফ্রিকার ১১টি দেশের ওপর দিয়ে প্রবাহিত। এর অববাহিকা ৩৪,০০,০০০ বর্গকিলোমিটার (১৩,১২,৭৪৭ বর্গমাইল)। বহু বছর আগে এই নদীর তীরে গড়ে উঠেছিল এক উন্নত নগরকেন্দ্রিক সভ্যতা। যা মিসরীয় সভ্যতা নামে পরিচিত ছিল। এই সভ্যতার বাসিন্দারা সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে পিরামিড সৃষ্টি করে। ভিক্টোরিয়া হ্রদ থেকে উৎপত্তি হয়ে উত্তর পূর্ব আফ্রিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। শেষ পর্যন্ত অবশ্য ভূমধ্যসাগরে গিয়ে পড়েছে নীল নদ। আফ্রিকার অর্থনীতি অনেকটাই জড়িয়ে আছে এই নীল নদের সঙ্গে। তাই একে উত্তর আফ্রিকার অর্থনীতির লাইফ লাইন বলা চলে। তানজানিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, দক্ষিণ সুদান, মিসর, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কেনিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও সুদান এই দেশগুলোর মধ্য দিয়ে বাহিত হয়েছে নীল নদ।
×
