জয়-আইচের ফিফটিতে শাহীনসের বিপক্ষে এইচপির ২৫৮

আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৩:৩৩ পিএম

সাদমান ইসলাম শুরুতেই আউট হয়ে গিয়েছিলেন। সেট হয়ে ফিরে যান পারভেজ হোসেন ইমনও। অধিনায়ক মাহমুদুল হাসান জয় ও আইচ মোল্লা ফিফটির দেখা পেলেও টেনে নিতে পারেননি সেঞ্চুরির ঘরে। তাতে পাকিস্তান শাহীনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচেও খুব একটা ভালো অবস্থায় নেই বিসিবির এইচপি স্কোয়াড। দুই ফিফটিতে আড়াইশ পার করেই থেমেছে তাদের প্রথম ইনিংস।

অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাটিং পেয়ে ২৫৮ রানে অলআউট হয়েছে বিসিবি এইচপি। ৯০ বলে সর্বোচ্চ ৬৯ রান করেছেন জয়। ৮০ বলে ৫৫ রান করেন আইচ।

সকালে টস হেরে ব্যাটিংয়ে গিয়ে ৮ম ওভারে দলের ১৬ রানে সাদমান ইসলাম অনিকের উইকেট হারায় বাংলাদেশ৷ এই ধাক্কা সামাল দিয়ে পারভেজ হোসেন ইমনকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন জয়। থিতু হয়ে থামেন পারভেজ। ৭৫ বলে ৩০ রান করা ব্যাটার ফেরেন খুররমের বলে। ৬০ রানের জুটির পর দ্রুত অমিত হাসান ও শাহাদাত হোসেন দিপুকে হারায় এইচপি। বিপদ ঘনিয়ে আসা অবস্থায় জয়কে সঙ্গ দেন আইচ। দলের পূঁজি দেড়শো ছাড়ানোর পর বড় ধাক্কা খায় বাংলাদেশ।

কাসিফ আলির বলে ক্যাচ দিয়ে ফিরে যান জয়। দলকে দুশোর কাছে নিয়ে ফিরে যান আইচও। কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন, রেজাউর রহমান রাজা আর রিপন মন্ডল মিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অঙ্কন ৩১, রাজা ২৮ আর রিপন ১৭ করলে আড়াইশ ছাড়ায় বাংলাদেশের পুঁজি। তবে চার দিনের ম্যাচে এই পুঁজিকে লড়াকু বলা যাবে না।

পাকিস্তানের খুররম শাহজাদ ৬৯ রানে ৩ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে  ২ উইকেটে ৩৯ রান তুলে দিন শেষ করেছে পাকিস্তান শাহীনস।

ব্যাটিংয়ে মাঝারি পুঁজি পাওয়ার পর বল হাতে নিয়ে পঞ্চম ওভারেই আসে সাফল্য। শাহিবজাদা ফারহানকে উইকেটের পেছনে ক্যাচ বানান রিপন মন্ডল। ১৪ রানে প্রথম উইকেট ফেলার পর রিপন পরে আরেক ওপেনার হাসিব উল্লাহকেও আউট করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত