মেট্রোরেলে নাশকতার মামলায় ডিইউজে একাংশের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ ওরফে সাঈদ খানসহ ছয়জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম জামিনের আবেদন নাকচ করে তাদের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া অন্যরা হলেন সানাউল হক নিরু, আলমগীর, মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ওরফে নাইম, আবদুল আজিজ সুলতান ও মাইন। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মুন্সী আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে পাঁচ-ছয় হাজার লোক কোটা সংস্কার আন্দোলন করে। তারা কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশ/বহির্গমন গেট ভেঙে অনধিকার প্রবেশ করে কেপিআইভুক্ত সরকারি স্থাপনা কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের কনকোর্সে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাদি লুটপাট করে নিয়ে যায়।
