দুর্নীতির দায়ে গ্রেপ্তার রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী

  • ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাকে পদচ্যুত করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়
  • এ পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫ জন বর্তমান ও সাবেক কর্মকর্তা-মন্ত্রী গ্রেপ্তার হয়েছে
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০১:৩৬ পিএম

রাশিয়ার সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি)।

রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ফেডারেল সিকিউরিটি সার্ভিসের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দিমিত্রি বুলকাভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রসদ বিভাগের প্রধান ছিলেন। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাকে পদচ্যুত করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।

তদন্তে অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তার দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে। তাকে মস্কোর একটি প্রাক-বিচার আটক কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানিয়েছে এফএসবি।

দিমিত্রি বুলগাকভের দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ গত বেশ কয়েক বছরের মধ্যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি।

৬৯ বছর বয়সী বুলগাকভ রুশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন ছিলেন। সেনাবাহিনীতে তার বেশ প্রভাব ছিল। সামরিক খাতে অবদানের জন্য বেশ কিছু পদক ও সম্মাননা পেয়েছেন তিনি। রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিরো অব রাশিয়া’-ও পেয়েছেন তিনি।

চলতি বছর এ পর্যন্ত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৫ জন বর্তমান ও সাবেক কর্মকর্তা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সর্বশেষ গ্রেপ্তার হলেন বুলগাকভ। তার গ্রেপ্তারের পর রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা ও সামরিক খাতকে দুর্নীতিমুক্ত রাখতে সরকার বদ্ধ পরিকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত