মার্কিন কংগ্রেসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য এড়িয়ে যাওয়ায় মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ইহুদিবিদ্বেষী বলে আক্রমণ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার (২৬ জুলাই) দক্ষিণ ফ্লোরিডায় আয়োজিত ধর্মীয়ভাবে কট্টর ডানপন্থী সমর্থকদের এক সমাবেশে এ মন্তব্য করেন ট্রাম্প। খবর এএফপি ও টাইমস অব ইসরায়েল।
ধর্মীয় সমাবেশে ট্রাম্প বলেন, “কমলা ইহুদিদের পছন্দ করেন না, ইসরায়েলকেও পছন্দ করেন না। তিনি এটি সব সময়ই করে থাকেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই।“
ট্রাম্প আরও বলেন, “কমলা নবজাতকদের হত্যার অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছেন।“
দক্ষিণ ফ্লোরিডায় শুক্রবারের ওই সমাবেশে দেওয়া বক্তব্যে বেশির ভাগ সময় কমলাকে আক্রমণাত্মক মন্তব্য করেছেন ট্রাম্প। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার সিনেটর থাকাকালীন সময়ে এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা কী কী করেছেন, তা নিয়ে নানা অভিযোগ তুলেছেন। তবে বলা হচ্ছে, ট্রাম্পের বেশির ভাগ অভিযোগের সঙ্গেই বাস্তবতার মিল নেই।
তবে গত কয়েক দিনে জনমত জরিপগুলোতে ট্রাম্পকে জোর টক্কর দিচ্ছেন কমলা। এমনকি কখনো কখনো ট্রাম্পের থেকে এগিয়েও গেছেন।
এর আগেও কমলাকে ইহুদিবিদ্বেষী বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। এর আগে গত বুধবার নর্থ ক্যারোলাইনায় দেওয়া এক বক্তব্যেও ট্রাম্প বলেছিলেন, ‘কমলা হ্যারিস পুরোপুরি ইহুদি জনগণের বিপক্ষে।’
কমলাকে ইহুদিবিদ্বেষী বলে বার বার আক্রমণ করলেও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ একজন ইহুদি। কমলা মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তৃতায় অংশগ্রহণ করেননি। তবে তিনি আগেই নির্ধারিত একটি প্রচারণা সভায় অংশ নিয়েছেন।
নেতানিয়াহু গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। এবার যুক্তরাষ্ট্রে সফরে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেন বিক্ষোভকারীরা।
বিমানবন্দরে যাত্রীকে লাথি, বরখাস্ত পুলিশ কর্মকর্তা