নারায়ণগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী

সংঘবদ্ধ আক্রমণ পুলিশ ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:০৮ এএম

কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা নিজেদের দ্বারা নিয়ন্ত্রিত নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন সব গুজব ছড়াচ্ছে, যেগুলো শুনে সাধারণ মানুষও ঠিক থাকতে পারে না। বিভ্রান্ত হচ্ছে। তারা একদিকে গুজব ছড়িয়েছে, আরেক দিকে আক্রমণ করেছে। এটি তাদের সংঘবদ্ধ আন্দোলন ও আক্রমণ। পুলিশ বাহিনী এগুলোকে অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে।

গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ভেবেছিলাম ছাত্ররা তাৎক্ষণিকভাবে আদালতের রায়কে স্বাগত জানাবে এবং আন্দোলন উইথড্র করবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাবে। আপনারা জানেন, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, তাদের সন্তানদের ইতিমধ্যে ৩০ বছর পার হয়ে গেছে। সুতরাং মুক্তিযোদ্ধাদের কোটা এখন আর মুক্তিযোদ্ধাদের কাছে থাকবে না। এটা অলরেডি মেধার তালিকায় চলে গেছে। মেধায় এখন ৯৮ শতাংশ চলে গেছে। কিন্তু আমরা দুঃখের সঙ্গে দেখলাম, তারা সেটিকে স্বাগত জানিয়ে আন্দোলন উইথড্র করেনি। কারণ তারা তাদের দ্বারা কন্ট্রোল নয়। এটি প্রমাণ হয়েছে কয়েক দিনে ধ্বংসের লীলাখেলা দেখে।’

কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করা তিন নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনজনের মধ্যে একজন তার বাবাকে ফোন করে বলেছে, “আমি আত্মগোপনে রয়েছি, নিরাপদে থাকার জন্য।” সোশ্যাল মিডিয়ায় তারা এ রকম খবর প্রচার করেছে। এ রকম খবর পেয়ে তাদের সেফ কাস্টোডিতে নিয়েছি। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি, কারা তাদের আক্রমণ করতে চায়। এসব জিজ্ঞাসাবাদ শেষে আমরা সিদ্ধান্ত নেব তাদের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা যায়।’

নারায়ণগঞ্জে নজিরবিহীন তা-বের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিমরাইলে একটি ভবনে আগুন দিয়ে তিন শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে তারা। শিমরাইলে মা হাসপাতালেও আগুন দেয় তারা। সেখান থেকে নবজাতক ও গর্ভবতী মায়েদের অনেক কষ্টে উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত