অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৬:৪৫ এএম

বিদেশি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর)। কিছু স্বার্থান্বেষী মহল এ অপপ্রচার চালাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

স্বার্থান্বেষী মহলের এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করছে বলে জানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে ও থাকবে।

আইএসপিআর বলেছে, ‘কিছু স্বার্থান্বেষী মহল কর্তৃক বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এর মূল উদ্দেশ্য দেশে এবং বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করা বলে অনুমিত। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সংবিধান সমুন্নত রেখে প্রচলিত আইনের আওতায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, দেশবাসীর জানমালের নিরাপত্তা ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে। স্বার্থান্বেষী মহলের এ জাতীয় বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী দেশবাসীর সহযোগিতা কামনা করছে। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।’

দেশব্যাপী ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সার্বিক নিরাপত্তা প্রদানে ২০ জুলাই ভোর থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলে জাানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর উপস্থিতি দ্রুত নৈরাজ্য প্রশমন করতে সাহায্য করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত