সরকার ও জনগণের সময়োপযোগী ও যথাযথ পদক্ষেপের কারণে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বলে সব আন্তর্জাতিক অংশীদারকে আশ্বস্ত করেছে সরকার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গতকাল রবিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘অপপ্রচার, ভুল ও মিথ্যা তথ্যের ব্যাপক প্রচারের মাঝেও আন্তর্জাতিক সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থন ও বোঝাপড়ার জন্য সরকার তাদের প্রতি কৃতজ্ঞ।’
বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সুশীল সমাজের সংগঠন ও গণমাধ্যমসহ কয়েকটি আন্তর্জাতিক অংশীদার যে উদ্বেগ প্রকাশ করেছে তা বাংলাদেশ সরকার লক্ষ করেছে। সরকার একটি শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রচেষ্টায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পর্কে জড়ানোর আশায় রয়েছে, যা তরুণদের জন্য তাদের মতামত শোনা এবং একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ তৈরির সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ দেয়। সহিংসতায় ভুক্তভোগী ও তাদের পরিবারগুলো যে মানসিক যন্ত্রণা ভোগ করছে, তা মোকাবিলার প্রয়োজনীয়তার প্রতি সরকার সংবেদনশীল রয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘এটা এখন স্পষ্ট যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠনের নেতৃত্বে একটি স্বার্থান্বেষী মহল দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার রাজত্ব কায়েম করতে কোটা সংস্কার আন্দোলনকে ব্যবহার করেছে।’
এতে বলা হয়, জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় বেসামরিক শক্তির সহায়তায় আইনগতভাবে বাধ্যতামূলক সশস্ত্র বাহিনী মোতায়েন এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কারফিউ জারির প্রয়োজনীয়তার সঙ্গে ছাত্র আন্দোলনকে গুলিয়ে না ফেলার জন্য সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারের সুস্পষ্ট নির্দেশে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারও প্রতিবাদী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শিক্ষার্থীদের মৃত্যুর প্রতিটি ঘটনা এবং হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নৃশংসতা ও নাশকতাসহ সংঘটিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী সকলকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। গত ১৮ জুলাই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন ইতিমধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে। এ ছাড়া হত্যাকাণ্ড ও সহিংসতার সংশ্লিষ্ট ঘটনার দায় নির্ধারণে সংশ্লিষ্ট বেশ কয়েকটি বিভাগীয় তদন্তও করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকাদের প্রমাণের ভিত্তিতে বিচারের আওতায় আনার সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
বিবৃতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত ভুল ও অপতথ্য ছড়ানোর প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের জন্য ৭টি বিষয় তুলে ধরেছে সরকার। এগুলো হলো ১. শান্তিপূর্ণ ও নির্দিষ্ট দাবির ছাত্র আন্দোলনকে রাষ্ট্রের বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই। ২. সরকার পুনর্ব্যক্ত করছে যে, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে সহিংসতার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার পরিপ্রেক্ষিতে সব ধরনের হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার করা হবে। ৩. সন্ত্রাসী কর্মকাণ্ডের পর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও তাদের পক্ষ থেকে একটিও ‘দেখামাত্র গুলির’ ঘটনা ঘটেনি। ৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের সময় নজরদারি, নির্দিষ্ট স্থানে আটকে পড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের গাড়ি চলাচলের সুবিধার্থে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি।
৫. রঙ করে ঢেকে ফেলা সত্ত্বেও জাতিসংঘের চিহ্নটি অসাবধানতাবশত প্রকাশিত হয়েছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ৬. ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট পরিষেবা এখন সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হয়েছে। ল্যান্ডফোন ও মোবাইল ফোন যোগাযোগসহ যোগাযোগের অন্য মাধ্যমগুলো সহিংসতা চলাকালে সম্পূর্ণ কার্যকর ছিল। ৭. কারফিউ চলাকালেও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব জরুরি পরিষেবা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, স্বার্থান্বেষী মহলগুলোর কারণে অভূতপূর্ব ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকার দেশের জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাবে।
